শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড. মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের কোর্স পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে এবং তাদের বাস্তব জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য বিসিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শুধু চাকরি প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ও বাকৃবির যৌথ এ উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকার উত্তরায় অবস্থিত বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরিচালিত পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এছাড়া, দেশের ৬৪ জেলায় বিসিকের ১৯০টি কার্যালয়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।