কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন, যার মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ একজনকে খুঁজে পেতে উদ্ধার অভিযান এখনও চলছে।
রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশেষায়িত উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।
এর আগে একই দিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যা শেষ পর্যন্ত দুর্ঘটনার কারণ হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কর্তৃপক্ষ আরও জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো শত্রুপক্ষের হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর হামলার পর থেকে কাতারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানা গেছে।