শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
অল্প বৃষ্টিতেই গোবিপ্রবিতে তীব্র জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভো

অল্প বৃষ্টিতেই গোবিপ্রবিতে তীব্র জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভো

ডেস্ক রিপোর্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অন্যতম সমস্যা হলো জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাসের হাদি চত্বরের চারপাশ, মুক্তমঞ্চে, একাডেমিক ও প্রশাসনিক ভবনের মাঝের রাস্তায় এবং হাদি চত্বর থেকে ক্যাফেটেরিয়া যাওয়ার রাস্তায় পানি জমে থাকে। এছাড়া বিভিন্ন সড়কে গর্ত আরও প্রকট সমস্যা সৃষ্টি করে। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীদের দেখা যায় জুতা হাতে, প্যান্ট গুটিয়ে বা নোংরা পানির ভেতর দিয়ে হেঁটে ক্লাসে যেতে।

বিশ্ববিদ্যালয়ের রাস্তা মেরামত না করা, ড্রেনগুলো অকেজো থাকা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিবার বৃষ্টির সময় শিক্ষার্থীদের তোপের মুখে ইট, বালু দিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে প্রশাসন। কিন্তু বর্ষার মৌসুম গেলে আর কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না। শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক বছর ধরে রাস্তা মেরামত ও ড্রেনেজ ব্যবস্থার কথা জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ। এ বিষয়টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম ট্রল ও সমালোচনার মাধ্যমে প্রশাসনের পদক্ষেপ ও তাদের সমস্যার কথা তুলে ধরছে শিক্ষার্থীরা।

জলাবদ্ধতায় চলাফেরায় বিঘ্ন ঘটানোর পাশাপাশি দীর্ঘ সময় জমে থাকা পানি থেকে জন্ম নিচ্ছে মশা। যার ফলে শিক্ষার্থীরা বিভিন্ন মশাবাহিত রোগে আক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে।

ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের রাস্তাগুলোর অসমাপ্ত কাজ অতিদ্রুত শেষ করে, পরিকল্পনামাফিক ড্রেনেজ ব্যবস্থা করে এই সমস্যার সমাধান করা উচিত। 

পরিসংখ্যান বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুলবুল ইসলাম বলেন, "একটু বৃষ্টি হলেই লাইব্রেরির সামনে,সেন্ট্রাল মসজিদের সামনে এবং প্রশাসনিক এবং একাডেমিক ভবনের মাঝের রাস্তা পরিণত ডোবায়। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও তার কোনো সুফল শিক্ষার্থীরা পাচ্ছে না। প্রশাসনের কাছে প্রশ্ন যদি এই ড্রেন নির্মাণের ফলে আমরা কোনো সুফল না পাই তাহলে কেন এই ড্রেন নির্মাণ করা হলো? বৃষ্টির পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলাচল করার সময় কি পরিমান দুর্ভোগের শিকার হয় তা অকল্পনীয়।এখানে শিক্ষার্থী এবং প্রশাসন উভয়ের অবহেলা আছে,আমরা শিক্ষার্থীরা নিজেদের অধিকার নিয়ে সোচ্চার না।আমরা অধিকার বঞ্চিত হওয়ার পরও তা আদায় করতে সোচ্চার হইনা।"

ক্যাম্পাসের রাস্তা মেরামতের বিষয়ে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "ইউসিজি সময়মতো বাজেট না দেওয়ার কারণে কাজ শুরু করতে পারি নি। সর্বোচ্চ আগামী ছয় মাসের মধ্যে রাস্তার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে আশা রাখছি।"



প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন