আজ ১৫ই জুন ২০২৬ খ্রি. নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে নোয়াখালী জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এর সঞ্চালনায় এক বিশেষ কল্যাণ সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়।
অনুষ্ঠানে উপস্থিত অফিসার ও ফোর্সবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁদের বক্তব্যে বিদায়ী অতিথির দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও মানবিকতার অসংখ্য উদাহরণ উঠে আসে। অনেক পুলিশ সদস্য অশ্রুসিক্ত নয়নে তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং নোয়াখালীবাসীর প্রতি তাঁর আন্তরিক সেবার কথা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরব ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।”
তিনি নোয়াখালীর সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় হোক এই কামনা করেন।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।