পটুয়াখালীর বাউফল উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সরকারি সংস্কারের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে ও স্থানীয়দের সঙ্গে নিয়ে যেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি সংস্কারের কাজ করেন ছাত্রদল নেতা তৌফিকুর রহমান রাফা।
শনিবার (১৪ জুন) এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি ইট ও মাটি ফেলে চলাচল উপযোগী করার উদ্যোগ নেন। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা থাকায় চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তাটি কাদায় পরিণত হয়ে যেত। এমন পরিস্থিতিতে তৌফিকুর রহমান রাফার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে তৌফিকুর রহমান রাফা বলেন, “জনগণের দুর্ভোগ কমাতে সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের উদ্যোগ নেবে।