শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বিএনপি জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব দল: সালথায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিএনপি জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব দল: সালথায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব একটি রাজনৈতিক দল। আমরা সবসময় সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে অবস্থান নিয়েছি। তবে সাংবাদিকদের অবশ্যই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।”

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার নবনির্মিত সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন এবং পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং সাংবাদিকদের অবাধে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের সুযোগ করে দিয়েছিলেন। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। এই সময়ে অনেক সাংবাদিক সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে নানা ধরনের নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন। কেউ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ দেশত্যাগ করেছেন, আবার অনেকে আহত কিংবা নিহত হয়েছেন। তাদের ত্যাগ ও সাহসিকতাকে জাতি চিরদিন স্মরণ করবে।

শামা ওবায়েদ বলেন, “বিগত বছরগুলোতে সাংবাদিকরা নানা প্রতিকূলতা, ভয়ভীতি ও গুলির মুখেও সত্য সংবাদ জনগণের সামনে তুলে ধরেছেন। তাদের সেই দায়িত্বশীল ভূমিকার কারণেই দেশের মানুষ বিভিন্ন অন্যায়-অবিচার ও নির্যাতনের বাস্তব চিত্র জানতে পেরেছে।”

তিনি বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক কর্মসূচি এবং সাধারণ মানুষের দুর্ভোগের সংবাদ সাহসিকতার সঙ্গে প্রচার করেছেন সাংবাদিকরা। বিশেষ করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনাগুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনগণ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছে।

সাংবাদিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য একটি পবিত্র দায়িত্ব। তবে বর্তমানে কিছু ক্ষেত্রে ভুল তথ্য, বিভ্রান্তিকর উপস্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল শক্তি।”

এর আগে ফিতা কাটা ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উদ্বোধন শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নতুন প্রেসক্লাব ভবন উদ্বোধনের মধ্য দিয়ে সালথার সাংবাদিকদের জন্য একটি আধুনিক ও কার্যকর কর্মপরিবেশের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন