প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার রাত ৮টা ২২ মিনিটে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে পুনরায় প্রবেশ করা সম্ভব হয়। এর আগে রাত ৮টার দিকে হঠাৎ করেই এই বৈশ্বিক বিভ্রাট দেখা দিলে চরম ভোগান্তিতে পড়েন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী।
বিভ্রাট চলাকালীন ব্যবহারকারীরা অভিযোগ করেন, কম্পিউটার (ওয়েব ভার্সন) কিংবা মোবাইল অ্যাপ—কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছিল না। অনেকের সেশন হঠাৎ করেই স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যায়। মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও বিশ্বের বিভিন্ন স্থানে সমস্যার খবর পাওয়া গেছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ফেসবুকের ওয়েবসাইটের ব্যবহারকারীরা। তারা জানান, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছিল।
আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই এই সমস্যা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) #FacebookDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা জানিয়েছে, ফেসবুক ব্যবহারের সুযোগ না পেয়ে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানাতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।
এক্সে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘আমি ভেবেছিলাম আমার পেইজটা হারিয়ে ফেলেছি।’ তৃতীয় একজন ব্যবহারকারী লেখেন, ‘আমাকে তো সরাসরি লগ আউট করে দিয়েছে।’ অন্য আরেকজন ব্যবহারকারীও একই অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমারটাও নিজে থেকেই লগ আউট হয়ে গেছে।’