শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

মো. ইসহাক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীকে দূষণ ও কচুরিপানামুক্ত করার লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ বাস্তবায়নে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

শুক্রবার (১২ জুন)  ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ১৫৩ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।

উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কাঁচামাটিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কচুরিপানা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং স্থানীয় কৃষকদের সুবিধার্থে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা এবং ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু।

কাঁচামাটিয়া নদী সংলগ্ন এলাকার পরিবেশ উন্নয়ন এবং পানি প্রবাহ সচল রাখার এই উদ্যোগে স্থানীয় সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন