পাবনার সাঁথিয়ায় সাপের ছোবলে রুহান মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে। মৃত রুহান উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুহান রাতে বাড়ির পাশে ডোবায় টেটা দিয়ে মাছ শিকার করতে গেলে সেখানে তাকে বিষধর সাপ ছোবল দেয়। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ছোবলের প্রতিষেধক বা অ্যান্টিভেনম থাকার পরও চিকিৎসক রুহানের শরীরে তা প্রয়োগ না করে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে রুহান মারা যায়। এ ঘটনায় অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
রুহানের রাবা হেলাল মোল্লা বলেন, সাপের ছোবলের কথা বলার পরও চিকিৎসক আমার ছেলেকে বাঁচাতে অ্যান্টিভেনম বা প্রতিষেধক প্রয়োগ করেননি। অ্যান্টিভেনম সময় মত প্রয়োগ করলে আমার ছেলে মারা যেত না।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন বলেন, রাতে দায়িত্বরত চিকিৎসক রুহানের শরীরে সাপের ছোবলের তেমন কোন নমুনা পায়নি। হাসপাতালে অ্যান্টিভেনম বা প্রতিষেধক রয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি।