বুধবার, ২৭ মে ২০২৬
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতের পরিবারকে লাখ টাকা সহায়তা ও দায়ীদের চরম হুঁশিয়ারি

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতের পরিবারকে লাখ টাকা সহায়তা ও দায়ীদের চরম হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি রেলওয়ের নিরাপত্তায় গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় তাদের ঢাকায় স্থানান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবিবুর রশিদ বলেন, "রেলওয়ের কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ইতিমধ্যে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।"

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন