শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
লবিপ্রবির প্রথম উপাচার্য নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)

লবিপ্রবির প্রথম উপাচার্য নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)

সালমান হোসেন

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখের ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০৬.২২/১৪১ নং প্রজ্ঞাপনের (ঙ) নং শর্তানুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:

নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা নিজের অবসর গ্রহণের তারিখ যেটি আগে ঘটবে, সেটি পর্যন্ত এ পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়াও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রজ্ঞাপনের শর্তানুসারে তাঁকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি দিয়ে লবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন