আইপিএলের ১৯তম আসর শুরুর প্রাক্কালে চরম ব্যাটিং বিপর্যয়ের চেয়েও বড় বোলিং বিপর্যয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী ২৮ মার্চ টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক পেসারের ইনজুরি ও ছিটকে যাওয়ার খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মালিক শাহরুখ খান ও কোচ অভিষেক নায়ারের।
কেকেআরের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ লঙ্কান পেসার মাথিশা পাথিরানা পায়ের পেশির চোটের কারণে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে। অন্যদিকে, পিঠের চোটের কারণে ভারতীয় পেসার আকাশ দীপ পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন। হাঁটুর অস্ত্রোপচারের ফলে আসরের বড় অংশ মিস করতে যাচ্ছেন উদীয়মান তারকা হার্ষিত রানাও।
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি রুপিতে দলে নিয়েও রাজনৈতিক চাপে ছাড়তে বাধ্য হয়েছিল কেকেআর। তার বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে নিলেও অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। এছাড়া রেকর্ড ২৫.২০ কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন চোট কাটিয়ে পূর্ণ ৪ ওভার বোলিং করতে পারবেন কিনা, তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে।
অভিজ্ঞদের অনুপস্থিতিতে এখন উমরান মালিক, বৈভব অরোরা ও কার্তিক তিয়াগির মতো তরুণদের ওপরই নির্ভর করতে হচ্ছে কলকাতাকে। তবে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে নতুন কোনো বিদেশি পেসারকে স্কোয়াডে যুক্ত করার জোর সম্ভাবনা রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই ভঙ্গুর বোলিং লাইনআপ নিয়ে কতটা এগোতে পারবে, তা এখন বড় প্রশ্ন।