নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ২২ মার্চ নিজের ফেসবুক পোস্টে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও পুরনো সিন্ডিকেটের দৌরাত্ম্য থামেনি; বরং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করা হচ্ছে।
এমপি আব্দুল হান্নান মাসউদের দাবি, সরবরাহ কমিয়ে দিয়ে অনেক এলাকায় তেলের দাম লিটারপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং পরিবহন খাতে ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ।
অন্যদিকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে—দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়েনি এবং অনেক ক্ষেত্রে পরিবহন ভাড়া আগের চেয়ে কম নেওয়া হচ্ছে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত বলে উল্লেখ করেন এমপি আব্দুল হান্নান মাসউদ।
তিনি আরও বলেন, “সরকারি বক্তব্য আর সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।”
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করে বাজার স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এই সংসদ সদস্য।