শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা খাবার পরিবেশনকারী কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কনের মামা বাবলু আকন অভিযোগ করে বলেন, “আলম প্যাদা অতিরিক্ত রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে তিনি হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।”

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন