পটুয়াখালীর বাউফল উপজেলার তিনজন সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী ভাই দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তাদের দুর্দশার কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
জানা গেছে, অসহায় তিন ভাইয়ের জীবনমান উন্নয়নে সহায়তার লক্ষ্যে তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্পূর্ণ বেতন-ভাতা তাদের জন্য প্রদান করেছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা জানান, ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভেদাভেদ ভুলে একজন জনপ্রতিনিধির এমন উদ্যোগ সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এ বিষয়ে এলাকাবাসী ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের এমন উদাহরণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
মানবসেবামূলক এই উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো—‘মানুষ মানুষের জন্য’।