শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
চাঁদপুরে এনসিপির দুই শীর্ষ নেতার সফর আজ, ছেংগারচর মাঠে বিশাল সমাবেশের প্রস্তুতি

চাঁদপুরে এনসিপির দুই শীর্ষ নেতার সফর আজ, ছেংগারচর মাঠে বিশাল সমাবেশের প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম আজ শুক্রবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় এক সাংগঠনিক সফরে যাচ্ছেন। দলটির মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সফরসূচি অনুযায়ী, কেন্দ্রীয় এই দুই নেতা মতলব উত্তর উপজেলার ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় পবিত্র জুমার নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৪টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তারা।

এনসিপির মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম জানিয়েছেন, আজকের এই সমাবেশটি মূলত ঈদ পুনর্মিলনী এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে। স্থানীয় দলীয় সূত্র নিশ্চিত করেছে, এই জনসভায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।

সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনগণের প্রত্যাশার বিষয়গুলোও শীর্ষ নেতাদের সামনে তুলে ধরা হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় দুই হেভিওয়েট নেতার এই উপস্থিতি তৃণমূল কর্মীদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করবে, যা এই অঞ্চলে এনসিপির সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন