শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
উল্লাপাড়ায় পৌর মেয়র পদে  প্রার্থী হতে চাচ্ছেন যারা

উল্লাপাড়ায় পৌর মেয়র পদে প্রার্থী হতে চাচ্ছেন যারা

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে কে বা কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর পাশাপাশি ইউনিয়নগুলোয় চেয়ারম্যান ও সদস্য (মেন্বর ) পদে প্রার্থী হতে পারেন এমনদের নিয়ে নির্বাচনী আলাপ আলোচনা চলছে। জামায়াতে ইসলামী থেকে ইউনিয়নগুলোর  চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করার পর সেসব প্রার্থীগণ গ্রামগুলোয় জনগনের জমায়েত জায়গাগুলোয় গিয়ে নির্বাচনী শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে সব ইউনিয়নে বিএনপির রাজনীতিতে জড়িত একাধিক জন  চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়ে এলাকার ভোটারদের সাথে যোগাযোগ করছেন। 


উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে পছন্দের জনকে  দেখতে চেয়ে অনেকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড লাগিয়েছেন।  আবার কেউ কেউ প্রার্থী হবেন জানিয়ে বিলবোর্ড লাগানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন। এদের অনেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিথি  যাচ্ছেন। বিএনপির রাজনীতিতে জড়িত চার জন উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চেয়ে শুভেচ্ছা জানানো ও দোয়া চাইছেন। জামায়াতে ইসলামী থেকে পৌরসভা মেয়র পদে আব্দুল করিমকে  প্রার্থী ঘোষণা করা হয়েছে । পৌর শহরের বিভিন্ন পয়েণ্টে আব্দুল করিমের বিলবোর্ড লাগানো হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর পৌরসভার আমীর পদে আছেন। এনসিপি থেকে সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব  আবদুল্লাহ আল মামুন লিওনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।  বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী হতে চারজনের নাম আলোচনা হচ্ছে । এরা হলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো . আজাদ হোসেন . সাবেক পৌর মেয়র বেলাল হোসেন . উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  জাহিদুল ইসলাম মিষ্টার ও  সামিউল ইসলাম সামি। 


এদিকে উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১২ টি ইউনিয়নে  উপজেলা জামায়াতে ইসলামী থেকে  চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরা হলেন রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো . শফিকুল ইসলাম , উধুনিয়ায়   অধ্যক্ষ মঞ্জিলুর রহমান ,  বাঙ্গালায়  আবু হানিফ , বড় পাঙ্গাসীতে মো. সাদ্দাম হোসেন , মোহনপুরে মো. হেলাল উদ্দিন খান , পূর্ণিমাগাতীতে  আলাউদ্দিন আল আজাদ , সলঙ্গায় মো. রাশেদুল ইসলাম শহীদ , হাটিকুমরুলে মো. মোস্তাফিজুর রহমান, বড়হরে  বুলবুল আহমেদ , উল্লাপাড়া সদর ইউপিতে মো. আতাউর রহমান , সলপে মো. সহিদুল ইসলাম  ও কয়ড়া ইউপিতে নুরুল ইসলাম আকন্দকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। উপজেলার দূর্গানগর ও পঞ্চক্রোশী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। 


উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী থেকে ইউনিয়নগুলোয় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করার পর থেকেই এলাকায় চায়ের দোকানগুলোয় যেখানে জনগনের গল্প আড্ডা জমে সেখানে গিয়ে   ঘোষণা করা প্রার্থীদের প্রায় সবাই শুভেচ্ছা ছালাম জানিয়ে দোয়া চাইছেন । বেশিরভাগ প্রার্থীর  এলাকায় বিলবোর্ড লাগানো হয়েছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমীর মো. রাশেদুল ইসলাম শহীদকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি এলাকায় ভোটের মানুষগুলোর কাছে যাচ্ছেন। সলঙ্গায়   বিএনপির রাজনীতিতে জড়িত জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন  আহমেদ চেয়ারম্যান পদে প্রার্থী হবেন জানিয়ে এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন। বিভিন্ন বাজারে গিয়ে সাধারণ জনগণের সাথে কথা বলছেন। তার জন্য  দোয়া চাইছেন ।  সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো . মিজানুর রহমান চেয়ারম্যান পদে প্রার্থী হবেন জানিয়ে এলাকায় ভোটারদের কাছে গিয়ে দোয়া চাইছেন। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন