শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
লাইসেন্স না থাকায় ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

লাইসেন্স না থাকায় ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

মো. ইসহাক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈধ লাইসেন্স না থাকায় দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) আনুমানিক বেলা ১১:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল স্থানীয় ‘নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘আধুনিক ল্যাব ওয়ান’ (আধুনিক ডায়াগনস্টিক সেন্টার)। দুপুরে হাসপাতাল এলাকার ওই প্রতিষ্ঠান দুটিতে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে সীলগালা করা হয়। একই সাথে ‘নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার’কে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন এবং নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবায় অনিয়ম রোধে উপজেলার সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন