নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাকির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল মহব্বতপুর এলাকার একটি মেকানিক দোকানে অভিযান চালায়। এ সময় মো. আব্দুল হামিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দোকানে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ পূর্ব মহব্বতপুর (হামিদ মিয়ার বাড়ি), নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মান্নান এবং মাতার নাম ওয়াহিদা খাতুন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।