ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের দাবিতে সকল জেলায় মানববন্ধন হয়েছে ।সকাল ১১ টার সময় রাজশাহীর আলুপট্টি মোড়ে , ইসলামী ব্যাংকের আলুপট্রি শাখার সামনে গ্রাহক ফোরাম এ আয়োজন করে ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে অনলাইনে পরিচালনা পর্ষদ সভা করে এমডিকে পদত্যাগের নাটক তৈরি করা হয়েছে। ব্যাংক লুটপাটকারী ও স্বৈরাচারের অন্যতম সহযোগী মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।
বক্তাদের দাবি, দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীতে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ গ্রাহকের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বিতর্কিত নিয়োগ সেই সংকট আরও বাড়াতে পারে।
বক্তারা আরও দাবি করেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবি জানান। সাইপ্রাসে এস, আলমের ৮০০ শতকোটি টাকার অবৈধ সম্পদ ঐ দেশের সরকার বাজেয়াপ্ত করে ।
এসময় ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সকলেই উপস্থিত ছিলেন। খুরশিদ আলমের অপসারণ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে বক্তারা জানান।