রাঙ্গামাটির লংগদু উপজেলায় দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আনিকা বুশরা (এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস) নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবরার এবং সার্জেন্ট হাবিবসহ সেনাবাহিনীর সদস্যরা চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।
স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া অত্যন্ত কঠিন। ফলে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য বিশেষ উপকার বয়ে আনে। বিশেষ করে নারীরা গাইনি বিশেষজ্ঞের কাছ থেকে সরাসরি চিকিৎসা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
চিকিৎসাসেবা গ্রহণকারী কয়েকজন নারী জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগলেও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ হয়নি। লংগদু জোনের এ উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন মেডিক্যাল ক্যাম্প আয়োজনে
র দাবি জানিয়েছেন।