বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা সম্পন্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা সম্পন্ন

মো. মিনহাজুর রহমান মাহিম

ছুটির দিনেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করেছেন বিশ্ববিদ্যালয় পরিবার। এতে ক্যাম্পাসে অবস্থানরত বিদেশী শিক্ষার্থী, কর্মচারী, ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীসহ দুই শতাধিক ব্যক্তির মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এদিন বৃহস্পতিবার সকাল ৮টায় কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিচে একটি গরু এবং একটি খাসি কুরবানির মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করে কুরবানির মাংস বিতরণ করা হয়।

এদিকে কেন্দ্রীয় মসজিদে ইবি উপাচার্য, শিক্ষক, কর্মকর্তাসহ ইবি শাখা ছাত্রদল নেতাকর্মী, ইবি শাখা ছাত্রশিবির নেতাকর্মী, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম, কর্মকর্তা সমিতিসহ স্থানীয় এলাকাবাসীরা ঈদুল-আযহা'র সালাত আদায় করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.  শাহীনুজ্জামান বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও কুরবানির সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উপাচার্যের নির্দেশক্রমে আমি নিজ দায়িত্বে এই কুরবানির মাংস বিদেশি শিক্ষার্থী কর্মচারী, নিরাপত্তাকর্মী, পুলিশ ও প্রতিবন্ধী-সহ অসহায় দুস্থদের মাঝে সুষম বণ্টন করেছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। এতে ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে আল্লাহর নামে এই কুরবানি করা হয়েছে। পরিশেষে, সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন