পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পাঁচটি ছাগল কেনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পড়াশোনা, প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব পালনের কারণে অনেকেই ঈদের ছুটিতেও ক্যাম্পাসেই অবস্থান করছেন। তাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত না রাখতে প্রতিবছরের মতো এবারও কোরবানির ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এ বছরও ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন। ঈদের দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন তিনি এবং সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।