লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ রতন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর গ্রামের গাজিনগর বাজারে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৬ মে) রাত ১২টায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রতন চরপাতা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বোয়াডার বাজার এলাকার রাড়ী বাড়ীর দিনমজুর মনির হোসেনের ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে এবং তিন ভাই ও এক বোন ।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাত ১০টায় বৃষ্টির মধ্যে গাজিনগর বাজারে চরপাতা ইউপির বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজের পোষ্টার লাগাতে যান রতনসহ গ্রামপুলিশ জসিম, বিএনপি কর্মী মোঃ রুবেল ও মোঃ রাশেদ। রাত ১২টায় মোবাইল ফোনে সংবাদ আসে পোষ্টার লাগাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে রতন মারা গেছে।
রতনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পরে পুলিশ হাসপাতালে এসে রতনের মরদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ইউপি সদস্য আমিন পাটোয়ারী বলেন, ‘ রতনকে গাজিনগর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’ তবে এঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজ কোন বক্তব্য দিতে রাজি হননি।
মঙ্গলবার রাতে রায়পুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাত আক্তার বলেন, ‘ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে রতনকে। কোন বিদ্যুতস্পৃষ্টের আলামত পাওয়া যায়নি। শরীরে আঘাতের চিহ্নও নাই। শুধু নাক দিয়ে রক্ত ঝড়তে দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার বিকালে ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে, ঘটনাটি বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু না-কি পরিকল্পিত হত্যাকাণ্ড।’