সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পটুয়াখালীর অন্তত ৩০টি গ্রামে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী এসব এলাকার হাজারো মুসল্লি একদিন আগেই ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করেন।
সকালে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বদরপুর দরবার শরীফে অনুষ্ঠিত প্রধান জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয়রা জানান, চাঁদ দেখার হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরই তারা রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— বদরপুর, চন্দ্রপাড়া, কালিকাপুর, কেশবপুর, বিলবিলাস, জৈনকাঠী, আদাবাড়িয়া, নওমালা, ধুলিয়া, শিয়ালী, কনকদিয়া, মাদারবুনিয়া, মল্লিকপাড়া, গাজীপুর, পূর্ব ও পশ্চিম কালাইয়া, বড় ডালিমা, ছোট ডালিমা, চরপাড়া এবং বগা ইউনিয়নের কয়েকটি গ্রামসহ আশপাশের আরও বিভিন্ন এলাকা।
স্থানীয় মুসল্লিদের ভাষ্য, প্রায় শত বছর ধরে তারা এই রীতি অনুসরণ করে আসছেন এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করছেন।