ঢাকা ও চট্টগ্রামের চালু থাকা পোশাক কারখানাগুলোর এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধে বড় ধরনের অগ্রগতি হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৯৯ শতাংশ কারখানায় এপ্রিলের বেতন এবং সাড়ে ৯৪ শতাংশ কারখানায় বোনাস দেওয়া সম্পন্ন হয়েছে। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চার দিনে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হচ্ছে কারখানাগুলো। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
বিজিএমইএ-এর তথ্যানুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা চালু রয়েছে। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামের ৩৪০টি কারখানা। চালু থাকা এসব কারখানার মধ্যে ৯৯ দশমিক ২০ শতাংশ বা ২ হাজার ১১৭টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। যার মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামের ৩৩৪টি প্রতিষ্ঠান রয়েছে।
অন্যদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ বা ২ হাজার ২১টি কারখানায় বোনাস দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩১২টি কারখানা রয়েছে। এর বাইরেও শ্রমিকদের সুবিধার্থে ৩৫ দশমিক ৯৪ শতাংশ বা ৭৬৭টি কারখানা চলতি মে মাসের অগ্রিম বেতনও বুঝিয়ে দিয়েছে।
এদিকে প্রতিবছরের মতো এবারও মহাসড়কে যানজটের চাপ কমাতে এবং শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। তথ্যমতে, গত ২৪ মে প্রথম দফায় ১০৮টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছেড়েছেন। আজ ২৫ মে ঢাকা ছাড়ছেন ৬৬৪টি কারখানার শ্রমিক। আগামীকাল ২৬ মে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৭১টি কারখানার কর্মীরা ঢাকা ছাড়বেন। আর শেষ দফায় আগামী ২৭ মে অবশিষ্ট ২৫১টি পোশাক কারখানার শ্রমিকদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।