বুধবার, ২৭ মে ২০২৬
সালথায় বড়দিয়া হাটেমপ্রথম দিনেই জমজমাট বেচাকেনা, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

সালথায় বড়দিয়া হাটেমপ্রথম দিনেই জমজমাট বেচাকেনা, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন “বড়দিয়া হাট”। রবিবার (২৪ মে) প্রথমবারের মতো বসা এ হাটে কৃষক, ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে শুরুতেই প্রাণচাঞ্চল্য ফিরে আসে পুরো এলাকায়। নতুন এই হাটকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।


স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহে প্রতি বুধবার ও রবিবার নিয়মিত বসবে বড়দিয়া হাট। উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ১৫ জন ব্যবসায়ী এবং দুই শতাধিক কৃষক অংশ নেন। গট্টি, তালমা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ হাটে এসে পেঁয়াজ, ভূষি ও নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের কেনাবেচায় অংশ নেন।


হাট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু এবং তালমা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া। তারা নতুন এই হাটকে এলাকার অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেন।


হাটে আসা এক ব্যবসায়ী জানান,“এখানে প্রচুর পেঁয়াজ উঠেছে। প্রথম দিনেই বেশ ভালো বেচাকেনা হয়েছে। আমি প্রায় ৬০ থেকে ৭০ মণ পেঁয়াজ কিনেছি। নতুন হাট হিসেবে মানুষের সাড়া আশানুরূপ।”


আরেক ব্যবসায়ী বলেন,“আলহামদুলিল্লাহ, বিক্রি ভালো হচ্ছে। আগে দূরের হাটে যেতে সময় ও খরচ বেশি লাগত। এখানে সেই কষ্ট অনেকটাই কমেছে। কুমার নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে হাটটি আরও বড় পরিসরে গড়ে উঠবে।”

হাটে পণ্য বিক্রি করতে আসা এক কৃষক বলেন,

“অন্য হাটে যেতে ২০-৩০ টাকা পর্যন্ত ভাড়া লাগে। এখন কম খরচে কাছেই পণ্য বিক্রি করতে পারছি। এতে আমাদের লাভ বাড়বে।”


হাটের উদ্যোক্তা লুৎফর রহমান বলেন,

“প্রথম দিনেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। কৃষক ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো—ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের খাজনা নেওয়া হচ্ছে না।”


স্থানীয় বাসিন্দাদের মতে, কুমার নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। তখন বড়দিয়া হাট শুধু স্থানীয় নয়, আশপাশের কয়েকটি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন