আমরা আপনাদের ভোট দিয়েছি। আমাদের জন্য প্রতিদানে কি করবেন সেটি আপনাদের ব্যাপার। চুক্তি বাস্তবায়ন নিয়ে কালক্ষেপন করলে ফলাফল কি হবে সেটি সময়ই বলে দিবে, আপনাদের কোর্টে, আপনারাই সিদ্ধান্ত নিন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাঙ্গামাটি ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
বৃহস্পতিবার সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র ও জন সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে ঊষাতন তালুকদার আরও বলেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবেনা। যেকোন মূল্যে পার্বত্য চুক্তি আদায় করে ছাড়বো, কোন শিথিলতা দেয়া হবেনা। এবিষয়ে নো এক্সকিউজ।
সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হোন এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন,
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা প্রমুখ। এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা।