উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার ভূল্লী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিল। সদর উপজেলাকে বিভক্ত করে ‘ভূল্লী’ নামে নতুন একটি উপজেলার চূড়ান্ত অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার (১৯ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি বিশেষ অতিরিক্ত গেজেট (প্রজ্ঞাপন) জারি করা হয়। এর আগে সোমবার প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সরকারি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় উপজেলার সংখ্যা এখন ৭ এ উন্নীত হলো। ঐতিহাসিক এই খুশির খবরে ভূল্লীর স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিকারের ১২০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর-পশ্চিমাঞ্চলের মোট ৫টি ইউনিয়ন নিয়ে এই নতুন উপজেলা গঠন করা হলো। ইউনিয়ন গুলো হলো- আউলিয়াপুর, বালিয়া, বড়গাঁও, দেবিপুর, শুখানপুখুরী।
প্রজ্ঞাপনের ৩ নম্বর ধারা অনুযায়ী, নবগঠিত ‘ভূল্লী’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর (Headquarters) সুনির্দিষ্টভাবে বালিয়া ইউনিয়নের ‘কুমারপুর’ মৌজায় স্থাপন করা হবে। এই লক্ষ্যে ইতিমধ্যে ওই এলাকায় জমি নির্বাচন ও প্রাথমিক প্রশাসনিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
নতুন উপজেলাটি যাতে দ্রুত ও পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করতে পারে, সেজন্য প্রাথমিক ধাপে ২৪টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে। এসব দপ্তরে সর্বমোট ২৩৮ জন কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে ৪০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং ১৯৮ জন কর্মচারী থাকবেন।