বুধবার, ২৭ মে ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধনই আমার লক্ষ্য: নোবিপ্রবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধনই আমার লক্ষ্য: নোবিপ্রবি উপাচার্য

সালমান হোসেন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। শিক্ষা-গবেষণা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নসহ সকল ক্ষেত্রে অগ্রগতি আনতে তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

সোমবার (১৮ মে) সকাল ১০ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে নোবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। শিক্ষা-গবেষণা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নসহ সবকিছু এগিয়ে নিতে কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয় যে অবস্থায় আছে, সেখান থেকে আরও উন্নত করতে হবে।”

তিনি আরও বলেন, “অফিস ডে-তে ২৪ ঘণ্টাই আমার অফিস টাইম। আমি সার্বক্ষণিক এখানে থাকবো। যেহেতু আমার পরিবার এখানে নেই, তাই শিক্ষার্থীদের জন্য বেশি সময় দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আমাদের দর্পণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তোমরা তুলে ধরবে। তোমাদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ চাই।”

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বুঝে উঠতে কিছুটা সময় লাগবে। তবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি'র ৭ম উপাচার্য হিসেবে ১৪ মে নিয়োগপ্রাপ্ত হন এবং ১৫ মে উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহন করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন