ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লোকমান শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা বিনতে ইকবাল মনোনীত হয়েছেন।
গত বুধবার (১৩ মে) ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সহকারী অধ্যাপক ড. মো. তাহিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, আগামী ছয় মাসের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে বাকি দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল কাইয়ুম ফারাবী, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াস রোহান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক মানিকুল ইসলাম মানিক, অর্থ সম্পাদক
শাহারিয়ার কবির ঋদ্ধ ও প্রচার সম্পাদক পদে শুভঙ্কর রায় মনোনীত হয়েছেন।
নব-মনোনীত সাধারণ সম্পাদক নাফিসা বিনতে ইকবাল বলেন, “এই দায়িত্ব আমার জন্য একইসাথে সম্মান ও দায়িত্বের বিষয়। জেলা ছাত্র কল্যাণ সমিতি আমাদের পরিচয়, বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি সংগঠন তার লক্ষ্য অর্জন করতে পারে। নতুন দায়িত্বে আমি সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর এবং অংশগ্রহণমূলক করার জন্য আন্তরিকভাবে কাজ করব। সকল সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ ও গতিশীল পরিবেশ গড়ে তোলাই আমার মূল উদ্দেশ্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা কল্যাণ সমিতি আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে।”
নব-মনোনিত সভাপতি লোকমান শাকিল বলেন, “উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির রয়েছে সরব পদচারণা। ২০২৫-২০২৬ সেশনে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি পদে দ্বায়িত্ব গ্রহণ আমার জন্য একদিকে সম্মানের অন্যদিকে চ্যালেঞ্জিং। প্রত্যাশা থাকবে সকলের মাঝে দৃঢ় বন্ধন তৈরি করে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণে এই সংগঠন কাজ করে যাবে।”