বুধবার, ২৭ মে ২০২৬
ইবির নতুন উপাচার্যের পাশে থাকার অঙ্গীকার শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ইবির নতুন উপাচার্যের পাশে থাকার অঙ্গীকার শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মো. মিনহাজুর রহমান মাহিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

শুক্রবার (১৫ মে) মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম প্রেরিত আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ প্রেরিত বিপ্লবী অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছাবার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এক ক্রান্তিলগ্নে আপনার মতো একজন যোগ্য ও দূরদর্শী ব্যক্তিত্বের অভিভাবকত্ব আমাদের আশান্বিত করেছে। নবনির্বাচিত উপাচার্যের বলিষ্ঠ নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় হবে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং মেধাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রসমাজের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসের আমূল পরিবর্তনে উপাচার্যের ভূমিকা হবে ঐতিহাসিক।

পাঁচ প্রত্যাশা তুলে ধরে বলা হয়, ‘লেজুড়বৃত্তিহীন ও সুস্থ ধারার ছাত্র রাজনীতির পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ শিক্ষার্থীদের কথা বলার পূর্ণ স্বাধীনতা বজায় রাখা’, ‘নিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মেধাবীদের মূল্যায়ন করা’, ‘দীর্ঘদিনের সেশনজট নিরসন, আবাসন সংকট সমাধান এবং আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের জীবনমান উন্নত করা’, ‘গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা কাঠামো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া’ এবং ‘বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে থাকা সকল অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দেওয়া’।

বিবৃতিতে আরও বলা হয়, “ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণে এবং একটি সমৃদ্ধ ক্যাম্পাস বিনির্মাণে আপনি সর্বদা আপসহীন ও ন্যায়নিষ্ঠ থাকবেন। আপনার প্রতিটি ন্যায়সঙ্গত পদক্ষেপে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ আপনার পাশে থাকবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন