ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন শাখা ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও শাখা জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (১৪ মে) শাখা ইউট্যাব ও জিয়া পরিষদ পৃথক বিবৃতির মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানায়।
শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ায় শাখা ইউট্যাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ইবির একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য সব ধরনের উন্নতি ও অগ্রযাত্রা নব-গতি লাভ করবে। আমরা তাঁর সামূহিক উন্নতি কামনা করছি এবং সার্বিক সহযোগিতার গভীর আশ্বাস প্রদান করছি।”
শাখা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়, “নবনিযুক্ত উপাচার্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইবিকে কাঙ্খিত লক্ষ্যপানে পৌঁছাতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাবেন। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে তার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে উপাচার্য নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন।