যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মশিয়াহাটি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও সুধীজনদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবসর জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক-এ কামনা করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁর আন্তরিকতা, নেতৃত্বগুণ ও শিক্ষাবান্ধব মনোভাব কলেজ পরিবার সবসময় স্মরণ রাখবে। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী বক্তব্যে অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাস কলেজ পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।