ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এতে আনন্দ মিছিল করেছে বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এই আনন্দ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট আমলে তিনি দমে যাননি। সৎ ও ন্যায়ের পক্ষে সর্বদা সজাগ থেকেছেন। জুলাই আন্দোলনে প্রথম থেকেই ছিলেন সক্রিয়। তাকে আমরা উপাচার্য পেয়ে গর্বিত।
বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রশীদ নিলয় বলেন, আমাদের উপাচার্য স্যার বরাবরই ন্যায়ের পক্ষে ও সত্যের পক্ষে ছিলেন। জুলাই আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে অনেকেই তার বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাতে ব্যস্ত। শীঘ্রই এসব বন্ধ না হলে স্যারের সম্মান রক্ষার্থে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি।
শিক্ষার্থীরা আশা ব্যক্ত করে বলেন, নতুন উপাচার্য স্যার ইবি শিক্ষার্থীদের পালস বুঝে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন আনবেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বোচ্চ পদক্ষেপ নিবেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পান লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন।