বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
নোয়াখালী বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নোয়াখালী বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসা-বাড়িতে অনুমোদনবিহীন দাঁতের ল্যাব পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

অভিযানে দেখা যায়, “পপুলার ডেন্টাল ল্যাবরেটরি” অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সরকারের বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, ছাড়পত্র ও টেকনোলজিস্টদের পেশাগত সনদ ছিল না। এ অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২ ও ২৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে “মা ডেন্টাল ল্যাবরেটরি”তে সরকারি অনুমোদন ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় একই আইনে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ডকুমেন্ট হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেওয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার এসআই আবদুর রহিমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়া পরিচালনার সুযোগ নেই। অভিযানে দুটি ডেন্টাল ল্যাবে সরকারি বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন