চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রশাসনিক জটিলতার কারণে অংশগ্রহণ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ফুটবল দল। প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে সত্যায়িত করতে না পারায় দলটিকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়।
জানা যায়, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলোয়াড়রা নির্ধারিত সময়েই ম্যাচে অংশগ্রহণের জন্য মাঠে উপস্থিত ছিলেন। তবে প্রয়োজনীয় কাগজপত্রে রেজিস্ট্রার ও শারীরিক শিক্ষা পরিচালকের সিল না থাকায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ দলটিকে খেলায় অংশ নেওয়ার অনুমতি দেয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ও শারীরিক শিক্ষা দপ্তরে চলমান শিক্ষকদের আন্দোলনের কারণে শাটডাউন ও তালাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কাজী সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল টিম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খেলতে পারিনি রেজিস্ট্রার অফিস এবং শারীরিক শিক্ষা অফিসে শাটডাউনে তালা মারা থাকার কারণে। তালা মেরে রুম বন্ধ থাকায় রেজিস্ট্রার এবং শারীরিক শিক্ষা পরিচালকের সিল দিতে পারিনি।”
ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসনিক জটিলতার কারণে একটি বিশ্ববিদ্যালয় দলের এভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দুঃখজনক।