এক মাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ভোরে সংযুক্ত আরব আমিরাতজুড়ে বাসিন্দারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মসজিদে সমবেত হন। তবে যুদ্ধের পরিস্থিতির কারণে এবার খোলা ময়দানে ঈদের কোনো বড় জামাত অনুষ্ঠিত হয়নি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এবং শারজাহর ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সমন্বয়ে দেশব্যাপী কেবল মসজিদগুলোতে ঈদের নামাজ সম্পন্ন হয়।
মধ্যপ্রাচ্য ছাড়াও আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে তুরস্ক ও মালদ্বীপে। আফ্রিকার দেশগুলোর মধ্যে সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন আজ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে।বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মাহর এই প্রধান ধর্মীয় উৎসবে ফিলিস্তিনসহ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের জন্য বিশেষ মোনাজাত ও শান্তি কামনার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে।