অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্বোধনী অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)-এর আয়োজনে কেক কেটে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সোমবার (১১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, প্রক্টর ড. এস. এম. আহসান, ছাত্র উপদেষ্টা গাজী মোহাম্মদ মাহবুব, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুর রশিদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. সামছুল আরেফিন, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. মো. বশির উদ্দিন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান খাঁন এবং সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক নাঈম আশরাফসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্টের সফলতা কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমটি দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।