বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বিশ্ব মা দিবস নিয়ে গোবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা

বিশ্ব মা দিবস নিয়ে গোবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা

মো: আরমান মজুমদার

ছোটবেলায় যখন কোনো বিপদ বা ব্যথা পেতাম, অজান্তেই মুখ দিয়ে 'মা' শব্দটা বের হয়ে আসত। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার 'বিশ্ব মা দিবস' পালিত হয়। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও মধুর সম্পর্ক হচ্ছে মা ও সন্তানের সম্পর্ক। মায়ের কারণেই সন্তান পৃথিবীর আলো দেখে। মা'ই আমাদের প্রথম শিক্ষক। মায়ের কাছ থেকেই আমরা নৈতিকতা ও জীবনের সকল প্রাথমিক শিক্ষা অর্জন করি। তার ভালোবাসা ও আত্মত্যাগ আমাদের জীবন গঠনে বড় ভূমিকা রাখে।

শুধু নির্দিষ্ট কোনো দিনে মায়ের প্রতি সম্মান বা ভালোবাসা প্রকাশের প্রয়োজন নেই, মাকে প্রত্যেকদিনই সমান ভালোবাসা উচিত। তবুও যারা সরাসরি মাকে মুখ খুলে 'ভালোবাসি' বলতে পারে না, তাদের জন্য একটি সুযোগ করে দেয় মাকে শুভেচ্ছা জানানোর। অনেকেই পড়াশোনা বা বিভিন্ন কাজের জন্য মায়ের কাছ থেকে দূরে থাকেন। তাই এই দিনটিকে ঘিরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা তাদের মা দিবসের ভাবনা, অনুভূতি ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন।

মা দিবস নিয়ে অনুভূতি প্রকাশ করতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার বলেন, আজ মা দিবস। সবাই আজ তাদের মাকে স্পেশাল অনুভব করাচ্ছে, কিন্তু আমার কাছে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই স্পেশাল। তোমার হাসিমুখ, তোমার মিষ্টি শাসন, আমাকে নিয়ে তোমার চিন্তা—এসবই আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি।

মা মানেই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। তুমি আছো বলেই তো আমি আছি। তুমি ছাড়া আমি সত্যিই ছন্নছাড়া। আমার আম্মু পৃথিবীর সবচেয়ে ভালো আম্মু। তুমি কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রাখোনি।ভালোবাসি তোমাকে আম্মু।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খালিদ হোসেন রিফাত বলেন, মা হলেন সন্তানের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাঁর ত্যাগ, স্নেহ ও ভালোবাসা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। মা দিবস প্রতিটা সন্তানের জীবনে মায়ের অসামান্য অবদানের কথা স্মরণ করিয়ে দেয়।

মা হাসলে পৃথিবী হাসে। 'পৃথিবীর প্রতিটা মা যেন থাকে দুধে-ভাতে' মা দিবসে এটাই সবচেয়ে বড় প্রার্থনা।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, মায়ের শাড়ির আঁচল আমাদের বিশ্বস্ত আলিঙ্গন যেখানে স্নেহ, মমতা ও ভালোবাসা ব্যতীত স্বার্থের সংশ্লিষ্টতার অভিযোগ নেই। নিঃস্বার্থ ও ত্যাগের প্রতীক মমতাময়ী মা আমাদের প্রত্যেকের জীবনের অনুপ্রেরণার উৎস। গর্ভধারিনী মায়ের বিনয়ী সন্তান হিসেবে তাঁদের হিতসাধন হোক আমাদের জীবনের ব্রত। সব মাকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম তানহা বলেন, কাছে কিংবা দূরে যেখানেই থাকি, হিসেব করে প্রতিবেলায় কাতর কণ্ঠে যিনি খোঁজ নেন তিনিই মা। এক অসীম স্বার্থপরতার জগতে নিজের সর্বস্ব ত্যাগের বিনিময়েও চেয়ে থাকেন কেবল তার ফুলগুলো যেন প্রাণবন্ত হয়ে বিকশিত হতে পারে আজীবন। মায়েদের যে কোনো আবদার নেই, অভিমানও জমা নেই কোনো, নেই যে শখের কোনো রঙ তার, নতুন শাড়ি আলমারিতে গোছানো। যে রঙে তার ফুলেরা হাসে তাতেই নাকি সর্বদা রঙিন তাদের ধূসর জীবন। ভয়, ক্লান্তি, আক্ষেপ, মন খারাপ থাকে মায়ের স্নেহ মাখা ছোঁয়ায় মলিন হয়ে যায় খুব দ্রুত। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন