চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী সরকার বাড়ি এলাকায় মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুটি টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৯ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সরকার বাড়ির বাসিন্দা সত্যজিত সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, বসতঘরের পেছনে সত্যজিত সরকার ও তার চাচাতো ভাই অভিজিত সরকারের দুটি টিউবওয়েল ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকেও পরিবারের সদস্যরা টিউবওয়েল ব্যবহার করেন। তবে প্রায় আধাঘণ্টা পর রান্নার জন্য পানি আনতে গিয়ে সত্যজিত সরকারের স্ত্রী দেখতে পান, টিউবওয়েলের ওপরের অংশ নেই। একইভাবে পাশের অভিজিত সরকারের টিউবওয়েলটিও উধাও হয়ে যায়।
সত্যজিত সরকার বলেন, “হঠাৎ টিউবওয়েল চুরি হয়ে যাওয়ায় পরিবার নিয়ে খাবার পানির সংকটে পড়ে গেছি। দুইটি টিউবওয়েলের অংশের বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।”
এ বিষয়ে বোয়ালখালী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”