ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উত্তর উপাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর ক্যাম্পাস ছাত্রদলের সাবেক সভাপতি মজিবুর রহমান রুমেল। সম্প্রতি ঘোষিত এ কমিটিতে তার অন্তর্ভুক্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। যদিও তার পৈত্রিক নিবাস চাঁদপুরে, তবে দীর্ঘদিন ধরে তিনি উত্তরায় পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মজিবুর রহমান রুমেল তৃণমূল পর্যায় থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর ক্যাম্পাস ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও তৎকালীন সময়ে হরতাল, অবরোধ ও পিকেটিং কর্মসূচিতে তার নেতৃত্ব ও ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত হয়।
পরবর্তীতে নর্দান ইউনিভার্সিটির বস্ত্র প্রকৌশল বিভাগে অধ্যয়নরত অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়ের হাত ধরে তিনি কেন্দ্রীয় ছাত্রদল ও মহানগর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের অনুসারী হিসেবে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে স্থানীয় মহানগর পর্যায় থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মজিবুর রহমান রুমেল বলেন, “দল ও সিনিয়র নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা রেখেছেন, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
তিনি আরও জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে ছাত্রদলের আদর্শ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করবেন।
এদিকে, তার এই পদপ্রাপ্তিতে চাঁদপুর, ঢাকা মহানগর উত্তরসহ বিভিন্ন এলাকা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ সফলতা কামনা করেছেন।