সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাগরৌহা গ্রামের সামিউল ইসলামের বসতঘর থেকে দুদিনে ৪৬ টি সাপ মারা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বসতঘরের কাচা মেঝে খুড়তেই সাপ বের হচ্ছে। ঘরের মেঝে খোড়ার মিনিট বিশেক সময় সাপের ছয়টি বাচ্চা ও অনেকগুলো ডিমের খোসা বের হয়েছে।
উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের শ্রমিক সামিউল ইসলামের কাচা মেঝের বসতঘরের বিভিন্ন জায়গায় থাকা ৪০ টি সাপ গত পরশু বুধবার বিকেলে বের হলে তা পিটিয়ে মারা হয় বলে জানানো হয়। সামিউল ইসলাম ও তার স্ত্রী জানান ঘরের মেঝের বিছানো রেক্মিনের নীচে , মেঝেয় থাকা কাপড় চোপড়ের মাঝে থাকা পাচ - থেকে এক সোয়া ফুট লন্বা সাপগুলো বের হতেই উপস্থিত লোকজন পিটিয়ে মেরে ফেলেন। এরপর সামিউল ইসলাম পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়ীতে থাকছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঘরের মেঝে খুড়তেই ছয়টি ছয় থেকে আট ইঞ্চি লন্বা সাপ ও প্রায় একশো ডিমের খোসা বের হয়। গত দুদিনে বের হওয়া সাপগুলো একই ধরণের। তবে কেউ সঠিক করে কি জাতের সাপ বলতে পারছেন না। কেউ বলছেন দাড়াশ , আবার কেউ কেউ বলছেন বিষধর গোখরো সাপের বাচ্চা। সামিউল ইসলাম বলেন পুরো মেঝে খুড়বেন। তার ধারণা বড় সাপ বের হবে।