পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে (মঙ্গলবার) থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে দোকান মালিক সমিতি।
বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিওবার্তায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিওবার্তায় তিনি জানান, আসন্ন ঈদকে ঘিরে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার আবেদন করা হয়েছিল। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেয়া হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্টি পরিস্থিতিতে গত ৬ এপ্রিল জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়।