বুধবার, ২৭ মে ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ১

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ১

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তন্ময় চন্দ্র (১৬)। তিনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহত অপর শিক্ষার্থী দীপ দেবনাথ (১৬) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সঙ্গে বাইরে যান। বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তন্ময়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন