চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. মাসুদ আলমের নিয়োগ
ডেস্ক রিপোর্ট
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা তার পেশাদারত্ব এবং মাঠপর্যায়ের অসামান্য দক্ষতার জন্য দীর্ঘকাল ধরে পুলিশ মহলে আলোচিত। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা যেমন— সচিবালয়, প্রধান বিচারপতির বাসভবন, হাইকোর্ট, টিএসসি এবং যমুনা কেন্দ্রিক বিভিন্ন আন্দোলন ও জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি অসামান্য ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। সংকটকালীন মুহূর্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনশৃঙ্খলা পুনরুদ্ধারে তার ভূমিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সাধারণ মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
বগুড়া জেলার সন্তান মো. মাসুদ আলম এর আগে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত থাকাকালীন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ ও কৌশলগত জেলায় তার এই পদায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্দরনগরী ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তার দীর্ঘ অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সরকারি এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।