বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সালথায় মাদকের আসর ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত, ৪ মাদকসেবীর জেল-জরিমানা

সালথায় মাদকের আসর ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত, ৪ মাদকসেবীর জেল-জরিমানা

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথায় মাদকসেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযানে নেমে চার মাদকসেবীকে হাতেনাতে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় প্রকাশ্যে মাদকের আসর বসিয়ে নেশায় মত্ত ছিল চার যুবক। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাদের আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দবির উদ্দিন ঘটনাস্থলেই তাৎক্ষণিক বিচার পরিচালনা করে চারজনকেই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সাইফুল ইসলাম, কামাল সরদার, বাবলু মাতুব্বর ও হোসেন ফকির।

শুধু কারাদণ্ডেই সীমাবদ্ধ থাকেনি শাস্তি—সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকসেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজকে বিষিয়ে তোলা এই অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন