যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের নিথর দেহ অবশেষে জন্মভূমিতে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি গবেষক জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কিছুদিন পর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অপর শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত করা হয়। বর্তমানে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল। হিশামের বিরুদ্ধে আদালতে দুটি 'ফার্স্ট ডিগ্রি মার্ডার' বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহত লিমন পরিবেশ বিজ্ঞান এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর গবেষণা করছিলেন। দেশে পাঠানোর আগে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ইস্তাবা ইসলামিক সোসাইটি মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।