বুধবার, ২৭ মে ২০২৬
"এম নাসের রহমান"গোল্ডকাপ এন্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

"এম নাসের রহমান"গোল্ডকাপ এন্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তিমির বনিক

মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘ তিন দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বড় আয়োজনে ফুটবল আসর। রবিবার (৩রা মে) বিকেল ৪টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘এম. নাসের রহমান এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গোল্ডকাপ এন্ড প্রাইজমানি ফ উচ্চ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজনগর ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকরা জানান, ৩০ বছর আগে এই মাঠে ‘এম সাইফুর রহমান গোল্ডকাপ’ অনুষ্ঠিত হয়েছিল; এরপর এবারই এত বড় কোনো ফুটবল আসরের আয়োজিত হলো।

রাজনগর ফুটবল এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও রেজাউল করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য এম. নাসের রহমানের সহধর্মিনী ও জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি রোজিনা নাসের, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও মুহিবুর রহমান হেলাল; রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক আব্বাস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রুপক চন্দ্র দেব, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান খান নাহাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় ফতেপুরের ‘আলমগীর ফুটবল একাডেমী’ এবং মুশরিয়ার ‘সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাব’ প্রতিদ্বন্দ্বিতা করে। দল দুটিতে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও উগান্ডার বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় অংশ নেওয়ায় দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা গেছে। খেলা শুরুর অনেক আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আলমগীর ফুটবল একাডেমী ১-০ গোলে এগিয়ে ছিল।

টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে আকর্ষণীয় ‘গোল্ডকাপ’, যার সৌজন্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন। দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ ১ লক্ষ টাকা প্রদান করবেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী।

দীর্ঘদিন পর এমন ফুটবল আসর, ফুটবল মানেই উত্তেজনা,হৈ হুল্লোড় গ্ৰামের ঐতিহ্য ফুটবল খেলা ফিরে আসায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন