বুধবার, ২৭ মে ২০২৬
প্রথমবারের মত কুবিতে আইকিউএসির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রথমবারের মত কুবিতে আইকিউএসির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য “ফ্রেশার্স ওরিয়েন্টেশন: একাডেমিক গাইডেন্স, কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন” শীর্ষক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে অর্থনীতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


রবিবার (৩ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রুহুল আমীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক  ড. নাহিদা বেগম।


এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে খাপ খাইয়ে নিতে সহায়তা করা, সঠিক একাডেমিক দিকনির্দেশনা প্রদান এবং মানসিকভাবে উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়।  শিক্ষার্থীদের জন্য একাডেমিক কাঠামো, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গবেষণা সম্ভাবনা এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কাউন্সেলিং সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং লক্ষ্য নির্ধারণে দিকনির্দেশনা প্রদান করা হয়।


আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সাইয়াদুর রহমান বলেন, “এই ফ্রেশার্স ওরিয়েন্টেশন কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত করা এবং তাদের জন্য একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিত করা। আমরা চাই শিক্ষার্থীরা শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা পাক, একাডেমিক নিয়মকানুন সম্পর্কে সচেতন হোক এবং আত্মবিশ্বাসের সঙ্গে তাদের শিক্ষা জীবন এগিয়ে নিক। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আইকিউএসি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “নবীন শিক্ষার্থীরা, তোমরা বেস্ট এমং দ্যা বেস্ট। মেধাবী বলেই তোমরা এখানে সুযোগ পেয়েছো। তোমরা তোমাদের সেই ভালো দিকগুলো রক্ষা করবে এটাই আমাদের অনুরোধ। তোমরা আচার-আচরণে সবাইকে ছাড়িয়ে যাবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। আমরা তোমাদের জন্য একাডেমিক কারিকুলাম এমনভাবে সাজিয়েছি, যাতে তোমরা কোনোভাবেই সেশনজটের মুখোমুখি না হও। আমাদের লক্ষ্য, তোমরা সময়মতো পড়াশোনা শেষ করে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে বিভিন্ন প্রলোভন ও পরিবেশের কারণে তোমরা লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারো।”


আগামী ৯ দিন প্রতিদিন দুটি করে বিভাগ এই কর্মসূচিতে অংশ নেবে।


অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই  সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা মোট পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। 


উল্লেখ্য, প্রথমবারের মত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'আইকিউএসি' এ ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন করে থাকে, যা শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন